
মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে মুকিদ হোসেন (৭) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার রাইগাঁ ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মুকিদ প্রতিবেশী আরও দুই শিশুর সঙ্গে বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনের কাছে খেলাধুলা করছিল। এ সময় অসাবধানতাবশত সে ওই ভবনের সেপটিক ট্যাংকের ভেতরে পড়ে যায়।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে চলছে শোকের মাতম।
নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক খোলা বা অরক্ষিত অবস্থায় থাকলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়। তাই ভবন নির্মাণের সময় সেপটিক ট্যাংকসহ ঝুঁকিপূর্ণ স্থানগুলো নিরাপদভাবে ঢেকে রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।