
নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইর এলাকায় রতন ডাইং কারখানায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার (২০ নভেম্বর) ভোররাতে এ ঘটনা ঘটে। দগ্ধ পাশা (৪০) ও রঞ্জিতকে (৪৫) ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের বরাতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, রাত দুইটার দিকে বিকট শব্দ শুনে আশপাশের লোকজন কারখানায় ছুটে যান। সেখানে কারখানার ভেতরে ধোঁয়া দেখতে পান তারা। পরে দুই শ্রমিককে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফতুল্লা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আবু রায়হান নূর জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কারখানার মালিক আব্দুল বাসেত রতনকে আটক করা হয়েছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, ‘দগ্ধ অবস্থায় দুই রোগী জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের জরুরি বিভাগে আসেন। তাদের মধ্যে পাশার শরীরের ৮৭ শতাংশ এবং রঞ্জিতের শরীরের ৫২ শতাংশ পুড়ে গেছে। উভয়েরই ইনহেলেশন ইনজুরি রয়েছে। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়ার চেষ্টা করছি।’
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফীন বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনার স্থান পরিদর্শনে গিয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানাতে পারবো।’