
মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলায় সিয়াম (১৭) নামে এক কিশোর ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার দুডাঙ্গী কালিগ্রাম এলাকার একটি বাঁশঝাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত ভ্যানগাড়ি ও মোবাইল ফোনের কোনো সন্ধান পাওয়া যায়নি।
নিহত সিয়াম মান্দা উপজেলার চকউমেদ গ্রামের নজরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে প্রতিদিনের মতো ভ্যানগাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয় সিয়াম। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সে আর বাড়িতে ফিরে আসেনি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
এরপর শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে উপজেলার দুডাঙ্গী কালিগ্রাম এলাকার বাসিন্দা শাদ আলীর বাঁশঝাড়ে এক নারী সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তিনি স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা সিয়ামকে হত্যা করে তার ভ্যানগাড়ি ও মোবাইল ফোন নিয়ে যেতে পারে। পরে মরদেহটি বাঁশঝাড়ে ফেলে রেখে যায়। তবে মরদেহে দৃশ্যমান বা উল্লেখযোগ্য কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে জানা গেছে। এটি হত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অল্প বয়সী ভ্যানচালক সিয়ামের এমন মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।