
মোঃ মমিন আলী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার করার লক্ষ্যে নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় পোরশা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় সভাপতিত্ব করেন কারিতাস রাজশাহী অঞ্চলের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা (এসডিডিবি) আগষ্টিন রাতিয়া নুনিয়া। তিনি তাঁর বক্তব্যে স্থানীয় পর্যায়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর যোগাযোগ, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগ থাকলে এলাকার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ হবে।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, স্থানীয় জনগণের বিভিন্ন সমস্যা ও চাহিদা চিহ্নিত করে সেগুলো সমাধানে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। উন্নয়ন কার্যক্রমকে আরও কার্যকর, গতিশীল ও টেকসই করতে নিয়মিত যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
সভায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর নেটওয়ার্ক গড়ে তোলা, উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণের কল্যাণে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভাটি সঞ্চালনা করেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক অ্যানিমেটর (টিসিআরপি) লিনা বিশ্বাস। এ সময় সংশ্লিষ্ট প্রকল্পের কর্মী ও কর্মকর্তারা সার্বিক সহযোগিতা প্রদান করেন।