
কওমি ঘরানার সাতটি ইসলামি রাজনৈতিক দলের সম্ভাব্য ঐক্যের রূপরেখা চূড়ান্ত করতে লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শেখ সাজিদুর রহমানকে আহ্বায়ক করে প্রতিটি দল থেকে তিনজন করে সদস্য নিয়ে এ কমিটি গঠন করা হয়।
চট্টগ্রামের ফটিকছড়ির জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় রোববার হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে সাত দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে সকালে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত সাত দলের প্রতিটি থেকে পাঁচজন করে প্রতিনিধি বৈঠকে অংশ নেন। হেফাজতে ইসলামের আমির ও মহাসচিবের পাশাপাশি ঐক্যের রূপরেখা প্রণয়নে গঠিত উপকমিটির সদস্য এবং সংগঠনটির জ্যেষ্ঠ নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে সাত দলের পক্ষ থেকে আগে দেওয়া পৃথক প্রস্তাবগুলো সমন্বয় করে উপকমিটির তৈরি করা খসড়া রূপরেখা উপস্থাপন করা হয়। এরপর খসড়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়। আলোচনায় প্রয়োজনীয় সংশোধন ও সংযোজন নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়।
ঐক্য প্রক্রিয়ায় থাকা সাতটি দল হলো—ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি।