
নির্বাচিত হওয়ার পর প্রথমবার সফরে আসা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে জমকালো আয়োজনে ঐতিহ্যবাহী লোকনৃত্যে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছে ভারত। রোববার রাজধানী নয়াদিল্লির বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রাসাদা।
চলতি বছরের মার্চে দায়িত্ব গ্রহণের পর প্রথম ভারত সফর করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এটি ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী হিসেবে প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরও তার। বালেন্দ্র শাহর ভারত সফর দুই দেশের সম্পর্ক নতুন করে গড়ে তোলার সম্ভাবনা তৈরি করেছে। দেশটির নতুন রাজনৈতিক প্রজন্মের নেতাদের সঙ্গে প্রতিবেশী বৃহৎ রাষ্ট্র ভারতের নেতাদের এটিই প্রথম উচ্চপর্যায়ের যোগাযোগ।
বালেন্দ্র শাহর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) গত মার্চে বিপুল বিজয়ের মাধ্যমে নেপালের ক্ষমতায় আসে। এর ছয় মাস আগে দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জেন-জি আন্দোলনে কে পি শর্মা ওলির সরকার ক্ষমতাচ্যুত হয়।
র্যাপার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ৩৬ বছর বয়সী শাহ দুই দিনের সফরে রোববার দিল্লিতে পৌঁছান। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও দেশটির অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।