
নারীদের নিরাপত্তা ও ভয় নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি সেনন। রাতে একা চলাচলের সময় নারীদের যে ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যেতে হয়, এবারের কন্যাদিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তা তুলে ধরেছেন তিনি।
কৃতি বলেন, রাতে বাড়ি ফেরার সময় অনেক নারীকে বারবার পেছনে ফিরে দেখতে হয় কেউ অনুসরণ করছে কি না। নিরাপদে বাড়ি পৌঁছাতে পারবেন কি না সেই চিন্তাও তাদের মধ্যে কাজ করে। এমনকি পথে ফোনের চার্জ শেষ হয়ে গেলে একা থাকা নারীদের উদ্বেগ আরও বেড়ে যায়।
অভিনেত্রীর মতে, কন্যাদিবসের প্রকৃত অর্থ তখনই প্রতিষ্ঠিত হবে, যখন নারীরা রাতে একা বাড়ি ফিরতে পারবেন, অন্ধকারের পরও পার্কে বসতে পারবেন, নিজেদের পছন্দের পোশাক পরতে পারবেন এবং ভয় ছাড়াই গণপরিবহনে চলাচল করতে পারবেন।
কৃতি লিখেছেন, এমন একটি দিন আসা প্রয়োজন, যখন কোনো নারীকে প্রকাশ্য স্থানে নিজের মতো করে থাকতে গিয়ে আক্রান্ত হওয়ার আশঙ্কা নিয়ে হিসাব করতে হবে না। তার মতে, সেদিনই কন্যাদিবস উদযাপন সত্যিকার অর্থে সার্থক হবে।