
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে একটি ঝুটের গুদামে আগুন লেগে আশপাশের কয়েকটি ঘর পুড়ে গেছে। আগুন পাশের একটি গাড়ির গ্যারেজেও ছড়িয়ে পড়ে। সোমবার রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল ফায়ার সার্ভিসের একাধিক দল।
সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে জালকুড়ি বাসস্ট্যান্ডের পূর্ব পাশে বাঁশবাড়ি এলাকায় ইকবাল হোসেনের মালিকানাধীন ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয় বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা জুয়েল জানান, গুদাম থেকে আগুন দ্রুত আশপাশের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি ঘর পুড়ে যায়। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তিনি জানাতে পারেননি।
তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।