
জান্নাত জাহা : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর ইউনিয়ন নয়াপুর বাজারে অবস্থিত কামালের মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরি ও সংরক্ষণ করার অভিযোগ উঠেছে। এতে করে এলাকার ক্রেতা-সাধারণের মধ্যে ক্ষোভ ও স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা জানান, দোকানটিতে দীর্ঘদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা ছাড়াই মিষ্টি তৈরি করা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, মিষ্টি তৈরির ঘরের মেঝেতে ধুলাবালি, দেয়ালে তেল-কালি ও ময়লা জমে আছে। কর্মচারীরা এপ্রোন, হ্যান্ডগ্লাভস ও ক্যাপ ছাড়াই খালি হাতে মিষ্টি তৈরি করছেন। তৈরি করা মিষ্টি খোলা অবস্থায় মাছি বসে থাকতেও দেখা গেছে। পাশেই ময়লার স্তূপ ও ড্রেনের নোংরা পানি জমে থাকায় পরিবেশ আরও দূষিত হয়ে পড়েছে।
এলাকার বাসিন্দা মো. সেলিম বলেন, “এখানকার মিষ্টি দামে সস্তা তাই অনেকে কেনে। কিন্তু ভেতরের অবস্থা দেখলে কেউ আর খেতে পারবে না। এভাবে বানানো মিষ্টি খেয়ে ডায়রিয়া-টাইফয়েড হওয়ার আশঙ্কা আছে।”
এ বিষয়ে দোকানের স্বত্বাধিকারী কামাল হোসেন বলেন, “চাপ বেশি থাকায় মাঝে মধ্যে একটু অগোছালো হয়ে যায়। আমরা ভবিষ্যতে আরও পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে নজর দিবো।”
সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন, “অভিযোগ পেলে আমাদের টিম গিয়ে পরিদর্শন করবে। খাদ্য উৎপাদনে স্বাস্থ্যবিধি না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
এলাকাবাসী দ্রুত ভোক্তা অধিকার ও উপজেলা প্রশাসনের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।