
নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের একটি বক্তব্যকে কেন্দ্র করে সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ৩৩ সেকেন্ডের এক ভিডিওতে তাকে স্থানীয় বিএনপি নেতার রাজনৈতিক অবস্থানের প্রশংসা করতে দেখা যায়। এ নিয়ে তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে।
ভিডিওতে ওসি মাহবুব আলমকে বলতে শোনা যায়, স্বৈরাচারী সন্ত্রাসী এমপির বিরুদ্ধে কথা বলার মতো ক্ষমতা যখন কারো ছিল না, তখন যিনি রাজপথে থেকে ফতুল্লার মানুষের পাশে দাঁড়িয়েছেন, সেই সংগ্রামী নেতা মঞ্চে উপস্থিত আছেন। একই সঙ্গে তিনি অচিরেই ফতুল্লা থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি হিসেবে শহীদুল ইসলাম টিটুর নাম ঘোষণার কথাও বলেন।
গত বৃহস্পতিবার ফতুল্লার পাগলা বাজার এলাকার যানজট নিরসন কমিটির পরিচিতি সভায় এ ঘটনা ঘটে। এতে প্রধান অতিথি ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু। আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসি মাহবুব আলম। ওই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্যদের প্রায় সবাই স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
চাকরিবিধি অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে ওসির ভূমিকা নিরপেক্ষ থাকা উচিত বলে মনে করছেন সমালোচকরা। এক রাজনৈতিক নেতাকে ‘সংগ্রামী’ আখ্যা দেওয়া ও তার প্রশংসা করাকে তারা ওসির দলীয় পক্ষপাত হিসেবে দেখছেন। এমন আচরণের কারণে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক মতাদর্শের মানুষের বিরূপ ধারণা তৈরি হতে পারে বলেও মত প্রকাশ করেছেন অনেকে।
এ বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলমের সরকারি নম্বরে যোগাযোগ করা হলে অন্য একজন ফোন ধরেন। তিনি জানান, ওসি মাহবুব আলম ছুটিতে আছেন এবং তাকে আগামী সোমবারে পাওয়া যাবে।