
বিএনপি সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল নয়টায় ১১ দলীয় জোটের লং মার্চ চলাকালীন নারায়ণগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে পথসভায় তিনি এ মন্তব্য করেন।
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন প্রসঙ্গে সরকারের অবস্থানের সমালোচনা করে বিরোধী দলীয় এ নেতা বলেন, “এই সরকার জনগণের সাথে ভাওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদেরকে ক্ষমা করবে না।”
তিনি আরও বলেন, “আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরবো। আমরা রাস্তায় নেমেছি, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। আপনাদের ঘরে বিদ্যুৎ এবং বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্যে।”
“আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সফল হবে,” যোগ করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অস্থায়ী মঞ্চে আরো বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন প্রমুখ।