
আনিছুর রহমান রলিন,মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রকৃত উপকারভোগীদের তথ্য যথাযথভাবে যাচাই-বাছাই করে নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
রোববার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. আলাল উদ্দিন, জেলার সহকারী কমিশনার (ভূমি), সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন অংশীজন। এছাড়া জেলার উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।
সভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের বর্তমান অগ্রগতি, সম্ভাব্য উপকারভোগীদের তথ্য যাচাই-বাছাই, বাস্তবায়ন প্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জ এবং দ্রুত, স্বচ্ছ ও সুষ্ঠুভাবে কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে যথাযথ যাচাই-বাছাই নিশ্চিত করে ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়ন করতে হবে। কোনো অযোগ্য ব্যক্তি যেন এ সুবিধা না পান এবং প্রকৃত উপকারভোগীরা যেন সরকারি সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুফল প্রকৃত উপকারভোগীদের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট সব দপ্তরের আন্তরিকতা, সমন্বয় ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।