
নিজস্ব প্রতিবেদক, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের ৮ দিনব্যাপী ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। আষাঢ়ের শেষ দিনে শুরু হওয়া এ ধর্মীয় উৎসব জেলার ২৯টি মন্দিরে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় উল্টো রথযাত্রা। এতে জেলার বিভিন্ন মন্দির থেকে আসা হাজারো ভক্ত, পূণ্যার্থী ও দর্শনার্থী অংশ নেন।
ঢাক-ঢোল, কীর্তন, শঙ্খধ্বনি ও ভক্তিমূলক সংগীতের মাধ্যমে রথ টেনে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন ভক্তরা। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবারের উল্টো রথযাত্রা।
উৎসবকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে উল্টো রথযাত্রা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন আয়োজক ও ভক্তরা।