
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাঈদ ভুইয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে মিশনপাড়া যুব সমাজ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাত ৮টায় ১৭ নম্বর ওয়ার্ডের ভুইয়াপাড়া এলাকায় সাঈদ ভুইয়ার নিজস্ব কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মিশনপাড়া যুব সমাজের প্রধান তাহসিন মাহামুদ রকি ফুল দিয়ে তাকে বরণ করে নেন।
অনুষ্ঠানে ভুইয়াপাড়া এলাকার সাধারণ মানুষ, যুব সমাজের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ব্যক্তিরা আসন্ন নির্বাচনে সাঈদ ভুইয়াকে কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে কাউন্সিলর পদপ্রার্থী মোঃ সাঈদ ভুইয়া বলেন, আসন্ন কাউন্সিলর নির্বাচনকে সামনে রেখে গত ছয় মাস ধরে তিনি এলাকায় কাজ করে যাচ্ছেন। অন্য এলাকা থেকে এসে মিশনপাড়া যুব সমাজের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা পাওয়াকে নিজের জন্য অনেক বড় প্রাপ্তি বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে মাদক একটি বড় সামাজিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে। পাশাপাশি এলাকায় গ্যাস সংকটও প্রকট আকার ধারণ করেছে। জনগণ সরকারের কাছ থেকে যে নাগরিক সেবা পাওয়ার অধিকার রাখে, নির্বাচিত হলে সিটি কর্পোরেশনের মাধ্যমে সেই সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সুষম বণ্টন নিশ্চিত করাই হবে তার অন্যতম লক্ষ্য।
মিশনপাড়া যুব সমাজের প্রধান
তাহসিন মাহামুদ রকি বলেন, আমার ভাই সাঈদ ভুইয়া আগামী নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তিনি একজন ভালো ক্রীড়াবিদ হওয়ার পাশাপাশি সমাজ নিয়ে তার চিন্তাভাবনা ও কাজের আগ্রহ প্রশংসনীয়। আমি আগে থেকেই তাকে সমাজের বিভিন্ন কাজে সম্পৃক্ত থাকতে দেখেছি। মাদকসহ দেশের বিভিন্ন সামাজিক সমস্যা ও মানুষের বিপদে-আপদে তাকে পাশে দাঁড়াতে দেখেছি।
তিনি আরও বলেন, ইচ্ছায়-অনিচ্ছায় সব সময়ই তিনি মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। আমি মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেন আগামী নির্বাচনে ১৭ নম্বর ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন এবং সফল হন। এলাকাবাসীর প্রতি অনুরোধ, আপনারা সবাই অন্তরের অন্তস্তল থেকে তার জন্য দোয়া করবেন। মিশনপাড়া যুব সমাজ তার পাশে রয়েছে।
এ সময় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ১৭ নম্বর ওয়ার্ডের উন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সমস্যার সমাধানে একসঙ্গে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত যুব সমাজ ও এলাকাবাসী।