
প্রিপেইড মিটার প্রকল্প বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম। দ্রুত এ দাবি মানা না হলে কঠোর কর্মসূচিসহ হরতালের হুঁশিয়ারি দেন বক্তারা।
মঙ্গলবার সকাল ১০টায় চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গণমিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গণে এসে সমাবেশে মিলিত হয়। মিছিলে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকার পঞ্চায়েত, মসজিদ কমিটি, সমাজ উন্নয়ন কমিটি, অরাজনৈতিক সংগঠন, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ, মিশনপাড়া পঞ্চায়েতের যুগ্ম মহাসচিব জাহিদ আহাম্মেদ, চাষাঢ়া পঞ্চায়েতের যুগ্ম সম্পাদক মো. নুরুল হুদা ও বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের সাধারণ সম্পাদক শরীফ সুমনসহ অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নেওয়া এই প্রিপেইড মিটার প্রকল্প জনগণের জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো মিটারে রিচার্জ করতে গিয়ে অতিরিক্ত খরচ ও হয়রানির শিকার হচ্ছে। অবিলম্বে এই প্রকল্প বাতিল করে আগের নিয়মে পোস্টপেইড মিটার চালু করার জোর দাবি জানান তাঁরা।
নেতারা আরও জানান, প্রিপেইড মিটারের বিরুদ্ধে ইতোমধ্যে বিভিন্ন এলাকায় জনরোষ সৃষ্টি হয়েছে। দ্রুত এ সিদ্ধান্ত থেকে সরে না আসলে হরতালসহ লাগাতার আন্দোলন গড়ে তোলা হবে।