
লিটন মাহমুদ , মুন্সীগঞ্জ: নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এর জাতীয় পর্যায়ের প্রজাপতি সাঁতার ইভেন্টে তৃতীয় স্থান অর্জনের গৌরবময় সাফল্যের স্বীকৃতিস্বরূপ মুন্সীগঞ্জের কৃতি শিক্ষার্থী তনিমা আক্তারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তনিমাকে সংবর্ধনা দেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সভাপতি সৈয়দা নুরমহল আশরাফী।
সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসক তনিমার এই অসাধারণ সাফল্যের জন্য আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, তনিমা ভবিষ্যতেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের মাধ্যমে মুন্সীগঞ্জসহ বাংলাদেশের সুনাম উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি তনিমার সুস্বাস্থ্য, ধারাবাহিক উন্নতি ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং আগামী দিনগুলোতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ এবং জাতীয় সাঁতার প্রশিক্ষক নুরুল ইসলাম।
উল্লেখ্য, তনিমা আক্তার মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের টরকি গ্রামের বাসিন্দা। তিনি ফুলতলা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির একজন মেধাবী শিক্ষার্থী। তাঁর এই অর্জনে এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং স্থানীয়রা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।