
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘরে ঢুকে এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহতের পরিবারের দাবি, চার-পাঁচজনের একদল মুখোশধারী ডাকাত ঘরে ঢুকে গৃহকর্তাকে তাকে হত্যার পর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। তবে পুলিশ বলছে, ঘটনাস্থলে ডাকাতির কোনো প্রাথমিক চিহ্ন পাওয়া যায়নি।
বুধবার (১৩ মে) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম নজরুল ইসলাম (৪৫)। তিনি ওই গ্রামের গাজী মিয়ার ছেলে।নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, গভীর রাতে একদল মুখোশধারী তার স্বামীর নাম ধরে ডাকেন। দরজা খোলার পরপরই তারা ঘরে ঢুকে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর শুরু করেন। এরপর শাহানাজ বেগমেরও হাত-পা ও গলা বেঁধে ঘরের চাবি ছিনিয়ে নেওয়া হয়। শাহানাজ বেগমের দাবি, হামলাকারীদের চিনে ফেলায় তার স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
তার দাবি, ঘর থেকে নগদ ৬০ হাজার টাকা ও প্রায় পাঁচ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ গোলাম সারোয়ার বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সেখানে ডাকাতির কোনো সুনির্দিষ্ট চিহ্ন পাওয়া যায়নি। হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বল নামে একজনকে আটক করা হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।