
বাংলাদেশের তারকা আরিফিন শুভ ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’র মাধ্যমে বলিউড যাত্রা শুরু করেছেন। কিন্তু এতে তিনি যুক্ত হলেন কীভাবে? শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার একটি পাঁচতারকা হোটেলে সিরিজের আনুষ্ঠানিক প্রচারণায় সেই গল্পই শোনালেন নায়ক। তিনি জানান, বলিউডের প্রখ্যাত কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া প্রথম যোগাযোগ করেছিলেন। সেই মুহূর্ত থেকে প্রায় তিন বছর অপেক্ষার পর তার কাছে আসে চূড়ান্ত ডাক।
‘জ্যাজ সিটি’র প্রেস মিট মঞ্চে উঠে সিরিজটির পরিচালক সৌমিক সেনের সঙ্গে রসিকতায় মেতে ওঠেন আরিফিন শুভ। পরিচালক নাকি গত তিন বছরে এদিনই প্রথম তার প্রশংসা করেছেন! নায়কের এই বক্তব্যে হাসির রোল পড়ে।
আরিফিন শুভ ‘জ্যাজ সিটি’তে যুক্ত হওয়ার গল্প শুনিয়েছেন এভাবে, ‘এ কাজের জন্য সৌমিকদা নন, আমার সঙ্গে প্রথম যোগাযোগ করেন কাস্টিং ডিরেক্টর মুকেশ ছাবড়া। তখন আমি নেপালে ছিলাম। তিনি আমাকে বলেন, একটি ওয়েব সিরিজের জন্য অডিশন দিতে হবে। আমি রাজি হয়ে যাই। তারপর সৌমিকদা অডিও পাঠানোসহ বিভিন্নভাবে আমার অডিশন নিয়েছেন।’