
এম এইচ তালুকদার : বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে পেশাগত নিবন্ধনের দাবিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা আজ বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় মহাসমাবেশ এবং পরবর্তীতে প্রধান উপদেষ্টার (বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের) সঙ্গে সাক্ষাতের দাবিতে পদযাত্রা কর্মসূচি পালন করেন।
৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের প্রতিনিধিত্বকারী জাতীয় সংগঠন বাংলাদেশ ডেন্টাল পরিষদ-এর পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই মহাসমাবেশে দেশের বিভিন্ন সরকারি আইএইচটির ডেন্টাল অনুষদের শিক্ষার্থী, ডেন্টাল ডিপ্লোমাধারী এবং বাংলাদেশ ডেন্টাল পরিষদের কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও মহানগর পর্যায়ের নেতৃবৃন্দসহ প্রায় পাঁচ হাজার অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
মহাসমাবেশে বক্তারা বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন নীতিগত সিদ্ধান্ত এবং স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক নির্ধারিত কর্মপরিধির আলোকে ৪ বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর মাধ্যমে সীমিত পরিসরে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করা সময়ের দাবি।
সংগঠনের মহাসচিব লায়ন মুহাম্মদ কামাল বলেন, রাষ্ট্র নিজেই চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমা শিক্ষা চালু করেছে, কারিকুলাম প্রণয়ন করেছে, শিক্ষার্থী ভর্তি ও পরীক্ষা গ্রহণ করেছে, ক্লিনিক্যাল প্রশিক্ষণের ব্যবস্থা করেছে এবং সনদ প্রদান করেছে। একই সঙ্গে সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে এই জনবল নিয়োগও দেওয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাদের জন্য ১০টি নির্দিষ্ট কর্মপরিধিও নির্ধারণ করেছে। অথচ দীর্ঘদিন ধরে এই প্রশিক্ষিত জনবল বিএমডিসির পেশাগত নিবন্ধন এবং নির্ধারিত কর্মপরিধির আওতায় সীমিত পরিসরে প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। ফলে হাজার হাজার ডেন্টাল ডিপ্লোমাধারী কর্মসংস্থান সংকট, পেশাগত বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন।
তিনি আরও বলেন, বর্তমান কোর্সের নাম ও সিলেবাসের মধ্যে অসংগতি থাকায় বিদেশে উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রেও নানা জটিলতার সৃষ্টি হচ্ছে। কোর্সের নাম পরিবর্তনের বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একাধিকবার উদ্যোগ নিলেও তা এখনো বাস্তবায়িত হয়নি।
বক্তারা আরও বলেন, সমযোগ্যতাসম্পন্ন মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা বিএমডিসি আইন-২০১০-এর ১৫ ধারা ও ৫ম তফসিল অনুযায়ী নিবন্ধনের সুযোগ পাচ্ছেন। এছাড়া বিএমডিসি আইন-১৯৮০-এর ১৫(৩) ধারা অনুযায়ী প্রাতিষ্ঠানিক যোগ্যতা না থাকা সত্ত্বেও জীবিকার প্রয়োজনে একটি বৃহৎ জনগোষ্ঠীকে নিবন্ধন দেওয়া হয়েছিল এবং সেই নিবন্ধন আজও নবায়ন করা হচ্ছে। অথচ রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীরা একই ধরনের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন, যা সংবিধানের ১৯, ২৬, ২৭ ও ৪০ অনুচ্ছেদের চেতনার সঙ্গে সাংঘর্ষিক বলে তারা দাবি করেন।
তারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনতিবিলম্বে বিএমডিসি আইন-২০১০-এর ৩৫ ধারার আওতায় তফসিল সংশোধন অথবা একই আইনের ৩৬ ধারার অধীনে চার বছর মেয়াদি ডেন্টাল ডিপ্লোমাধারীদের জন্য পৃথক বিধিমালা প্রণয়ন করে পেশাগত নিবন্ধনের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশ ডেন্টাল পরিষদের সভাপতি মো. মোশাররফ হোসেন মোল্লা-র সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে আরও বক্তব্য রাখেন এমট্যাবের মহাসচিব বিপ্লবুজ্জামান, সিনিয়র যুগ্ম মহাসচিব দবির উদ্দিন খান তুষার, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, যুগ্ম মহাসচিব আইনুল হক,হারুন অর রশিদ আওরঙ্গ ও খালেদ মুসান্নাহসহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন। জেএসএস-এর স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম তালুকদার মহাসমাবেশে উপস্থিত থেকে কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেন।