
নিজস্ব প্রতিবেদক: নারীদের স্কুল, কলেজ ও কর্মক্ষেত্রে যাতায়াত আরও সহজ করতে চলমান ‘পিংক বাস’ সেবার আওতা বাড়ানো হচ্ছে। বর্তমানে দেশের ১৩টি রুটে চলাচলকারী ১৪টি বাস চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি নতুন পিংক বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এই সিদ্ধান্ত জানানো হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম।
বৈঠকে সড়ক দুর্ঘটনা কমাতে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে তা সোজা ও প্রশস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, নতুন অনুমোদিত সব প্রকল্পে সড়ক সোজা (Straight Line) রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। একইসঙ্গে কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত বিলাসবহুল রিসোর্টের বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের জোর সুপারিশ করে কমিটি।
বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, কমিটির সদস্যরা এবং বিশেষ আমন্ত্রণে প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানসহ সংশ্লিষ্ট সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।