
নারায়ণগঞ্জের পর্যটনকেন্দ্রগুলোকে আরও উন্নত ও আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. রায়হান কবির।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে পর্যটকদের আগমন সবচেয়ে বেশি। পানাম সিটি ও জাদুঘরসহ জেলার পর্যটনকেন্দ্রগুলোকে আরও উন্নত ও আধুনিকভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে।
তিনি বলেন, রাস্তা-ঘাটসহ বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতার কারণে নারায়ণগঞ্জে পর্যটনশিল্প প্রত্যাশিতভাবে বিকশিত হতে পারেনি। এ শিল্পের উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার মাধ্যমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মাহবুবুল আলম প্রমুখ।
এর আগে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়।