
নিজস্ব প্রতিবেদক, সাপ্তাহিক রুদ্রকণ্ঠ: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দূরপাল্লাসহ মহানগর এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন নিয়ম অনুযায়ী কিলোমিটারপ্রতি মূল ভাড়ার পাশাপাশি সংশ্লিষ্ট রুটভিত্তিক সেতু, ফেরি, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল যুক্ত করে নতুন ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।
নতুন এই ভাড়া কাঠামো অনুযায়ী, দূরপাল্লার বাসের ক্ষেত্রে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে। অন্যদিকে, ঢাকা ও চট্টগ্রাম মহানগরী এলাকায় চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়ার হার প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিআরটিএর এই নতুন তালিকায় ৫১ আসন এবং ৪০ আসনের বাসের জন্য পৃথক ভাড়ার হিসাব রাখা হয়েছে। যেসব বাস যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার ব্যবহার করবে, সেক্ষেত্রে ৫১ আসনের বাসে যাত্রীপ্রতি ৭ টাকা এবং ৪০ আসনের বাসে যাত্রীপ্রতি ৯ টাকা অতিরিক্ত টোল যুক্ত করা হয়েছে।
সায়েদাবাদ টার্মিনাল থেকে নির্ধারিত নতুন ভাড়া:
বরিশাল (১৭১ কিমি): ৫১ আসনের বাসে ৪৯৩ টাকা এবং ৪০ আসনের বাসে ৬২৯ টাকা।
পটুয়াখালী (২১০ কিমি): ৫১ আসনের বাসে ৬০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৭২ টাকা।
বরগুনা (২৫৩ কিমি): ৫১ আসনের বাসে ৭১৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১৪ টাকা।
সিলেট (২৫৭ কিমি): ৫১ আসনের বাসে ৬২৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৯৬ টাকা।
কুয়াকাটা (২৮০ কিমি): ৫১ আসনের বাসে ৭৮১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯৬ টাকা।
জকিগঞ্জ: ৫১ আসনের বাসে ৮৪৮ টাকা এবং ৪০ আসনের বাসে ১ হাজার ৮১ টাকা।
যাত্রীদের ভোগান্তি কমাতে এবং অতিরিক্ত ভাড়া আদায় রোধে বিআরটিএ নির্ধারিত এই তালিকা অনুযায়ী গাড়ি চালানোর নির্দেশনা দেওয়া হয়েছে।