
নারায়ণগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের হোসিয়ারী সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের (এনডিএ) চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে মিছিলটি বের হয়।
মিছিলটি চাষাড়া, ব্যাংকের মোড়, কালিবাজার ও মেট্রোহলসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হোসিয়ারী সমিতির সামনে এসে শেষ হয়।
এ কর্মসূচিকে ঘিরে মানুষের জানমাল রক্ষায় জনসচেতনতা ও ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হলেও মিছিলের কারণে নগরীর কয়েকটি সড়কে সাময়িক যানজট ও জনদুর্ভোগের সৃষ্টি হয়।
এ ঘটনায় নারায়ণগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেছেন নাসিক ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মোঃ মিয়া চাঁন। তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এনডিএ চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীবের পক্ষ থেকে এ দুঃখ প্রকাশ করেন।
মিয়া চাঁন বলেন, সাধারণ মানুষের জানমাল রক্ষা, সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং জনগণকে ঐক্যবদ্ধ করতেই এ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচি চলাকালে অনিচ্ছাকৃতভাবে নগরবাসীর চলাচলে যে সাময়িক অসুবিধা হয়েছে, সে জন্য তিনি নারায়ণগঞ্জবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, “জনগণের স্বার্থ ও নিরাপত্তাই আমাদের কর্মসূচির মূল লক্ষ্য। কর্মসূচির কারণে সাধারণ মানুষের সাময়িক ভোগান্তি হয়ে থাকলে আমরা আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”
মিয়া চাঁন আরও বলেন, ভবিষ্যতে যেকোনো কর্মসূচিতে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও নাগরিক সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। জনগণের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমেই একটি শান্তিপূর্ণ ও নিরাপদ নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।