
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ২৮ মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী মাহবুবুর রহমান ওরফে ‘কাইল্লা রক্সি’কে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-১১।
শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি’র একটি আভিযানিক দল সোনারগাঁয়ের কেওডালা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাহবুবুর রহমান (৩৫), সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের নজরুল ইসলাম নজুর ছেলে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র পর্যালোচনায় জানা যায়, কাইল্লা রক্সি দীর্ঘদিন ধরে সোনারগাঁ ও আশপাশ এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী বাহিনী পরিচালনা করে আসছিল। সে এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিল এবং পথচারী ও ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত ছিল।
এছাড়া টেকনাফসহ সীমান্ত এলাকা থেকে ইয়াবা ও ফেনসিডিল এনে নারায়ণগঞ্জ ও ঢাকায় সরবরাহের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। জমি দখল, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ আদায়, দাঙ্গা-হাঙ্গামা ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়িত ছিল সে।
র্যাব আরও জানায়, তার বিরুদ্ধে সোনারগাঁ, সিদ্ধিরগঞ্জ ও গজারিয়া থানাসহ বিভিন্ন থানায় মোট ২৮টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সোনারগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১১। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।