
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ, সংস্থার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠক সূত্র জানায়, নির্বাচনী পরিবেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি রয়েছে।
অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের গ্রেপ্তারসহ নানা ধরনের নির্দেশনা আগের আইনশৃঙ্খলা সভায় দেওয়া হয়েছিল। এক্ষেত্রে সমন্বয় কার্যক্রমে দৃশ্যমান অগ্রগতি না থাকার বিষয় তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
কর্মকর্তারা সাংবাদিকদের বলেন, মিটিংটা খুব ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ ছিল। ভোটকে সামনে রেখে বিভিন্ন জায়গায় যেসব সেল অর্থাৎ নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন কমিটি সেগুলো ঠিকমতো কাজ করছে না।
সেগুলো যেন ভালোভাবে কাজ করে আমাদের বলা হয়েছে। আমাদের মনিটরিংয়ের পাশাপাশি মাঠ পর্যায়ে জানানো এবং নির্বাচন কমিশনকে অবহিত করা, এটাই এ বৈঠকের মূল বিষয়।
বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধি, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, মহাপুলিশ পরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টিলিজেন্সের (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহপরিচালক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি অংশ নিয়েছিলেন।
আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।